মো. শাহীন আলম,স্টাফ রিপোর্টার:
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ হরিপুর টু চিলমারী ব্রিজ পয়েন্ট সংলগ্ন এলাকায় ‘চীন মৈত্রী হাসপাতাল’ স্থাপনের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) বেলা ১২ ঘটিকায় চীন মৈত্রী হাসপাতাল বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজ কুমার বিশ্বাসের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় বরাবর স্মারকলিপি প্রেরণ করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, হরিপুর টু চিলমারী ব্রিজ পয়েন্ট সংলগ্ন এলাকায় প্রায় ১২০০ একরেরও অধিক খাস জমি রয়েছে। যা সরকারি প্রকল্প বাস্তবায়নের জন্য উপযুক্ত হিসাবে বিবেচিত। অপরদিকে ১২০০ একর জমি বিনামূল্যে প্রাপ্ত হওয়ায় সরকারের অর্থনৈতিক দিক থেকেও অনেক লাভজনক। নবনির্মিত তিস্তা ব্রিজের মাধ্যমে এই এলাকা কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, জামালপুর ও শেরপুর জেলার সঙ্গে সরাসরি যুক্ত হওয়ায় এর কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্মারকলিপিতে জানানো হয়- প্রস্তাবিত ১ হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালটি বাস্তবায়িত হলে অন্তত ৫০ লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। রংপুর বিভাগ তথা- বগুড়া, রংপুর, দিনাজপুর ও নীলফামারীসহ বিভিন্ন জেলায় আধুনিক চিকিৎসায় বিভিন্ন প্রতিষ্ঠান থাকলেও গাইবান্ধায় এখনো কোনো সরকারি মেডিকেল কলেজ বা হাসপাতাল গড়ে ওঠেনি। বিশেষ করে চরাঞ্চলভিত্তিক এই জেলায় নদী ভাঙ্গন, বন্যা ও স্বাস্থ্যঝুঁকি থাকলেও আধুনিক কোনো চিকিৎসা সুবিধা নেই বললেই চলে।
দেশ স্বাধীনের ৫৩ বছর হলেও গাইবান্ধাবাসী স্বাস্থ্যসেবায় বঞ্চিত।এমতাবস্থায় সুন্দরগঞ্জে চীন মৈত্রী হাসপাতাল স্থাপনকে সময়োপযোগী ও মানবিক সিদ্ধান্ত হিসেবে অভিহিত করা হয় স্মারকলিপিতে।
উল্লেখ থাকে যে, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের গত ১৭ এপ্রিল এক চিঠিতে জানানো হয়েছে, চীনের অর্থায়নে তিস্তা পাড়ে ১ হাজার শয্যার একটি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে খাস জমি অনুসন্ধান চলছে। সেই প্রেক্ষাপটে সুন্দরগঞ্জের হরিপুর টু চিলমারী ব্রিজ পয়েন্ট সংলগ্ন এলাকায় প্রস্তাবিত জমিকে সর্বাধিক উপযুক্ত বিবেচনায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণের দাবি জানান চীন মৈত্রী হাসপাতাল বাস্তবায়ন পরিষদ।
উক্ত স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন - মো. বাবুল আহমেদ, আহবায়ক সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি। মো. মাহমুদুল ইসলাম প্রামাণিক, সদস্য সচিব সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি। মো. মনোয়ার আলম সরকার, চেয়ারম্যান ১২ নং কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদ।
ইফতেখার হোসেন পপেল, বিআরডিবির চেয়ারম্যান। এম এ গফফার মোল্লা, যুগ্ম আহবায়ক সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি।মো. মাহফুজার রহমান লেলিন, যুগ্ম আহবায়ক সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি। মিজানুর রহমান লিপু, সদস্য সচিব পৌর বিএনপি। যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনোয়ার।
আসাদুজ্জামান রাসেল। মাজেদুর রহমান প্রামাণিক রুনু, সাবেক পৌর কাউন্সিলর। বুলবুল আহমেদ, সহ সভাপতি পৌর জামায়াত। এসএম নাহিদ আলম রাব্বি লেলিন, সাধারণ সম্পাদক সুন্দরগঞ্জ বাজার মালিক সমিতি ও কামরুজ্জামান মিঞা আপেল সংগঠক। এছাড়াও গণ্যমাণ্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক, উন্নয়নকর্মী ও সমাজসেবকগন উপস্থিত ছিলেন।