মোঃ আসতারুল আলম,দিনাজপুর সদর উপজেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় যথাসময়ে পরীক্ষা বন্ধ না করায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন এবং দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। এতে পুরো সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
বিকেল ৩টার দিকে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়ে প্রধান ফটকে তালা লাগিয়ে দেন, ফলে অফিসের কর্মকর্তারা ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। এরপর তারা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এর আগে শিক্ষার্থীরা কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ করেন এবং একটি মিছিলসহ জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিতে যান।
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তৌহিদুল ইসলাম বিকেল সাড়ে ৪টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে জানান, তাদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে। তবে শিক্ষার্থীরা এতে সন্তুষ্ট না হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
আন্দোলনকারী ছাত্রনেতা বাদশা আল কাওসার বলেন, "এত বড় মর্মান্তিক ঘটনার পরও পরীক্ষা বন্ধ না করে তারা দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছেন। মধ্যরাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি অমানবিক। শিক্ষা উপদেষ্টা ও সংশ্লিষ্টদের অবিলম্বে পদত্যাগ করতে হবে।"
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও পরীক্ষার বিষয়ে যথাযথ তথ্য প্রদান, দুর্ঘটনায় নিহত ও আহতদের সঠিক সংখ্যা প্রকাশ, এসএসসি ও এইচএসসি বোর্ড প্রশ্নপত্রে সামঞ্জস্য, ১-২ নম্বরের জন্য ফেল না করানো বা গ্রেড পরিবর্তন না করা, এসএসসি পরীক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা, CQ ও MCQ একত্রে পাস বিবেচনা, শিক্ষক-শিক্ষার্থীদের ওপর সেনাবাহিনীর সদস্যদের আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ক্ষতিপূরণ, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের বিকেন্দ্রীকরণ।
শান্তিপূর্ণভাবে আন্দোলন চললেও বোর্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।