নওগাঁর রাণীনগরে শুরু হয়েছে ‘রাইডো ব্রেইন ব্যাটল ১.০’ কুইজ প্রতিযোগিতা। রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার ঘোষগ্রাম পীর কফিলিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাণীনগর ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রাইডো) আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোষগ্রাম পীর কফিলিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলাউদ্দীন জোয়ার্দার, সহকারী শিক্ষকবৃন্দ, রাইডোর প্রতিষ্ঠাকালীন সদস্য ও ইভেন্ট কমিটির সদস্য সচিব ডা. মো. রুমন হোসেন, সদস্য রিপন ইসলাম, খন্দকার রাব্বী, নাইমুর রহমান ও মিজানুর রহমানসহ অনেকে।
আয়োজকরা জানান, প্রিলিমিনারি রাউন্ডে রাণীনগর উপজেলার ৩৯টি উচ্চ বিদ্যালয় ও আলিয়া মাদ্রাসায় একযোগে কুইজ অনুষ্ঠিত হবে। বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞান ও সাধারণ জ্ঞান বিষয়ে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেবেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫ জন করে বিজয়ী নির্বাচিত হবেন।
পরবর্তী ধাপে মোট ১৯৫ জনকে নিয়ে হবে ফাইনাল রাউন্ড, যেখানে সেরা ১৫ জন শিক্ষার্থীকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে নবম-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটি ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
উদ্বোধনের প্রথম দিনেই সাতটি বিদ্যালয়ে প্রিলিমিনারি রাউন্ড সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।