জাহিদ হাসান, নওগাঁ জেলা প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাঁচুপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন চেয়ারম্যান খবিরুল ইসলামের সভাপতিত্বে এ সভা হয়। সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বরুণ কুমার সরকার, সাধারণ সম্পাদক সনৎ কুমার প্রামানিক, বিভিন্ন পূজা মন্দিরের সভাপতি-সাধারণ সম্পাদক, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, গোলাম হোসেনসহ অনেকে বক্তব্য দেন।
আলোচনায় জানানো হয়, এ বছর উপজেলায় মোট ৫১টি পূজা মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সভাপতির বক্তব্যে পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত এমপি পদপ্রার্থী খবিরুল ইসলাম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই সম্প্রীতি অটুট রাখার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। তিনি মন্দির কমিটিগুলোকে নির্ভয়ে, আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপনের আহ্বান জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আলামত দেখা দিলে প্রথমে স্থানীয়ভাবে প্রতিরোধের চেষ্টা করতে হবে। তা সম্ভব না হলে সঙ্গে সঙ্গে তাকে এবং সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের জানাতে হবে।