নওগাঁর আত্রাই উপজেলায় ব্যাটারিচালিত চার্জার ভ্যান উল্টে চাপা পড়ে তাওহিদ হোসেন (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার জাতোপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাওহিদ ওই গ্রামের নাঈম হোসেনের ছেলে।
শিশুর চাচা জাহাঙ্গীর আলম জানান, জাতোপাড়া গ্রামে বালুপয়েন্ট এলাকা থেকে শ্রমিকরা অটোচার্জার ভ্যানে করে বালু পরিবহন করছিলেন। এ সময় চালক ভ্যান রেখে কিছু দূরে গেলে খেলার ছলে তাওহিদ ভ্যানে উঠে পড়ে। পরে ভ্যানটি হঠাৎ সড়কের নিচে খাদে পড়ে গেলে তাওহিদ ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।