নওগাঁর ধামইরহাট সীমান্তে ভারতীয় ফায়ারডিল মদসহ একজন চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার বস্তাবর বিওপির টহল কমান্ডার সুবেদার মো. সুলতান খাঁনের নেতৃত্বে সীমান্ত পিলার ২৬৩/৩-এস থেকে ১০০ গজ ভেতরে কুলফৎপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. উজ্জল হোসেন। তিনি নওগাঁর মহাদেবপুর উপজেলার ইশ্বরলক্ষীপুর গ্রামের আবদুর রশিদের ছেলে। এ সময় তার কাছ থেকে ১৪৫ বোতল ভারতীয় ফায়ারডিল উদ্ধার করা হয়।
পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের করে উদ্ধারকৃত মদ ও তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অবৈধ পারাপার ও চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।