ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগ পাওয়া অদক্ষ কর্মকর্তাদের বরখাস্ত, এস আলম গ্রুপের মাধ্যমে আত্মসাৎ ও বিদেশে পাচার হওয়া অর্থ ফেরতের দাবিতে নওগাঁর পত্নীতলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় ইসলামী ব্যাংক নজিপুর শাখার প্রধান ফটকের সামনে ইসলামী ব্যাংকের সাধারণ গ্রাহক ও ডিপোজিটারদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন ইসলামী ব্যাংকের গ্রাহক ও নজিপুর সিটি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের প্রোপ্রাইটর হারুনুর রশিদ, ইসলামী ব্যাংক কর্মচারী-গ্রাহক ঐক্য পরিষদ (আইডব্লিউবি)’র পত্নীতলা উপজেলা শাখার সভাপতি সোহেল রানা, ব্যাংকের গ্রাহক ও জামায়াত নেতা আকতার ফারুকসহ অনেকে।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের জনগণের বিশ্বাস ও আস্থার প্রতীক। অথচ ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে অবৈধভাবে নিয়োগ পাওয়া কিছু উচ্চপদস্থ কর্মকর্তা ব্যাংকের নীতি-নৈতিকতা ভেঙে নিজেদের স্বার্থে কাজ করেছেন। এতে ব্যাংকের সুনাম ক্ষুণ্ণ হয়েছে এবং আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
তাঁরা অবিলম্বে এসব অনিয়মে জড়িত কর্মকর্তাদের বরখাস্ত, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা এবং সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংকের জন্ম জনগণের হালাল উপার্জিত অর্থের ভিত্তিতে—এটি কোনো ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান নয়, বরং জনগণের আস্থা ও ত্যাগের ফল। কিছু অসাধু ব্যক্তি ব্যাংকের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে। তাঁরা ইসলামি অর্থব্যবস্থাকে ধ্বংসের অপচেষ্টা বন্ধে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।