নওগাঁয় একটি মাদ্রাসা থেকে আব্দুর রহিম (১০) নামের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে সদর উপজেলার দুবলহাটি এলাকার রওদাতুল হাফিজিয়া কোরআন মাদ্রাসায়। শুক্রবার ভোরে মাদ্রাসার বারান্দায় শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মাদ্রাসায় মোট ২৫ জন শিক্ষার্থী পড়াশোনা করলেও ছুটির কারণে তখন উপস্থিত ছিল মাত্র ৫ জন শিক্ষার্থী ও মাদ্রাসা সুপার হাফেজ মাজেদ হোসেন।
এ ঘটনায় পুলিশ মাদ্রাসা সুপার মাজেদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এরপর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”