
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে একশত গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত ১টা ৩০ মিনিটে সদর থানার ভবানিপুর ডানা পার্ক এলাকা থেকে ইকরামুল (৩৬) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ভাটা এলাকার আব্দুল মান্নানের ছেলে।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁকে মাদকমুক্ত রাখতে জেলা পুলিশ ধারাবাহিক ও কার্যকর অভিযান চালাচ্ছে। মাদককারবারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। মাদক নির্মূলে তিনি জনগণের সহযোগিতা ও তথ্য দেওয়ার আহ্বান জানান।