সাংবাদিকদের মানবাধিকার রক্ষায় সরকারের আন্তরিকতা জরুরি
প্রতিবেদক; আনোয়ার হোসেন
দেশের সাংবাদিকদের মানবাধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের আরও আন্তরিক ও কার্যকর ভূমিকা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট মহল। সাংবাদিকদের তথ্য সংগ্রহ, মতপ্রকাশের স্বাধীনতা এবং নির্ভয়ে কাজ করার পরিবেশ নিশ্চিত না হলে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার ভিত্তি দুর্বল হয়ে পড়বে বলে উদ্বেগ প্রকাশ করা হয়।
বিভিন্ন মানবাধিকার সংগঠন জানায়, সাম্প্রতিক সময়ে দেশজুড়ে সংবাদকর্মীরা নানা প্রতিবন্ধকতা, হয়রানি ও চাপের মুখোমুখি হচ্ছেন। বিশেষ করে সাংস্কৃতিক, রাজনৈতিক ও অপরাধ সংশ্লিষ্ট সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও মামলা বেড়ে যাওয়ায় পেশাজীবীরা আতঙ্কে কাজ করছেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ ও বিশেষজ্ঞরা বলেন, মুক্ত সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমানুষের অধিকার রক্ষার বড় হাতিয়ার। তাই সাংবাদিকদের ওপর যে কোনো প্রকার নিপীড়ন গণতন্ত্রের পথে বড় বাধা। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগ, অপরাধীদের দ্রুত বিচার এবং পেশাগত স্বাধীনতা রক্ষায় নীতিমালা প্রণয়ন জরুরি বলে তারা মত দেন।
এদিকে সাংবাদিক নেতারা বলেন, সংবাদকর্মীদের প্রতি দায়বদ্ধতা ও সহনশীলতা দেখানো সরকারের দায়িত্ব। তারা আশা প্রকাশ করেন, সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ, ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।