মান্দায় তেঁতুলিয়া ডি বি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ
আল আমিন স্বাধীন
মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় তেঁতুলিয়া ডি বি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউর রহমান মোল্যার সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আব্দুল গফুর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা শিক্ষা সহকারী পরিদর্শক নাজমুল হোসাইন। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য জমসেদ আলী, সাবেক ইউপি সদস্য সফিকুল ইসলাম, তহিদুল ইসলাম, মজিবর রহমান, এম.এ কুদ্দুস, মাহাবুর রহমান, সহিদুল ইসলাম, ছাত্তার মোল্যা প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবকগণ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী। ফলাফল প্রকাশের পর কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করতে প্রথম থেকে তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও শৃঙ্খলা বজায় রেখে দেশ ও সমাজের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।