নওগাঁয় কারাবন্দী আওয়ামী লীগ নেতার মৃত্যু
জাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি
নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রশিদ (৫৬) নামে নওগাঁ জেলা কারাগারে বন্দী এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসক তাঁর মৃত্যু নিশ্চিত করেন।
আব্দুর রশিদ নওগাঁর রাণীনগর উপজেলার কুজাইল গ্রামের বাসিন্দা। তিনি কাশিমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নওগাঁ কারাগারের জেলার শাহরিয়ার আলম চৌধুরী জানান, রাণীনগর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গত ২৪ আগস্ট তাঁর বিরুদ্ধে একটি মামলা হয়। সে মামলায় গত ১৬ ডিসেম্বর গ্রেপ্তার হওয়ার পরই তিনি কারাগারে বন্দী ছিলেন।
আজ শনিবার দুপুর ২টার দিকে আব্দুর রশিদ হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। তখন তাঁকে কারা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। বিকেল ৩টার দিকে তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আবু জার গাফফার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।
জেলার পক্ষ থেকে বিভাগীয় তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান আছে।