পুঠিয়ায় ভোরের কুয়াশা ও শীতের দাপটে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে যানবাহন চলাচল, বাড়ছে দুর্ঘটনা।
পুঠিয়া উপজেলা প্রতিনিধি (রাজশাহী)
মুন্না ইসলাম
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে ভোরের সময় যানবাহন চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিন ভোর থেকে সকাল পর্যন্ত সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ায় বাড়ছে ছোট–বড় দুর্ঘটনার সংখ্যা।
স্থানীয়রা জানান, ঘন কুয়াশার কারণে দূরের যানবাহন দেখা যায় না। বিশেষ করে মহাসড়ক ও ব্যস্ত আঞ্চলিক সড়কে চলাচলকারী বাস, ট্রাক, নছিমন–করিমন, মোটরসাইকেল ও ভ্যানচালকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেক চালকই ঝুঁকি নিয়েই হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে গাড়ি চালাচ্ছেন।
পুঠিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ভোরের সময় পথচারী ও শ্রমজীবী মানুষের চলাচলও কঠিন হয়ে পড়েছে। হঠাৎ যানবাহনের সামনে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হওয়ার আশঙ্কা বাড়ছে বলে জানান স্থানীয়রা।
সচেতন মহল মনে করছেন, এই সময় যানবাহন চালকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা জরুরি।
পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ট্রাফিক নজরদারি জোরদার, সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং চালকদের সচেতন করার উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
এদিকে আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভোরের সময় অপ্রয়োজনে সড়কে চলাচল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।