আত্রাইয়ে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত
নওগাঁ বিশেষ প্রতিনিধি মোঃ বিদ্যুৎ হোসেন
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও উপজেলা যুবদলের যৌথ উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার রেজিস্ট্রি অফিস সংলগ্ন দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব শেখ মো. রেজাউল ইসলাম রেজু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "দেশ ও জনগণের মুক্তির জন্য দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। এই লক্ষ্য অর্জনে এবং বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে।"
কর্মসূচিতে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।