নজিপুরে ঘাতক ট্রাকের চাপায় মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু
নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধি মোঃ বিদ্যুৎ হোসেন
১৯ জানুয়ারি, ২০২৬
নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার রাত ৭:৫৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৭:৫৫ মিনিটে নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ওই নারী ও তার শিশু কন্যা। এসময় দ্রুতবেগে আসা একটি ট্রাক তাদের সরাসরি চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই চালক ট্রাকটি ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটিকে আটকে রাখে এবং নজিপুর-ধামইরহাট সড়কে যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকে।খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পত্নীতলা থানার পুলিশ জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক এবং যান চলাচল শুরু হয়েছে।