বাঘায় আম গাছ কেটে নেপিয়ার ঘাস চাষে স্বাবলম্বী প্রতিবন্ধী কৃষক লিটন
আব্দুল হক, বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা উপজেলায় এক প্রতিবন্ধী কৃষকের সংগ্রাম ও সাফল্যের গল্প এখন এলাকাজুড়ে অনুপ্রেরণার আলো ছড়াচ্ছে। শারীরিক প্রতিবন্ধকতাকে শক্তিতে রূপান্তর করে নেপিয়ার ঘাস চাষের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আলাইপুর গ্রামের মোঃ রেজাউল করিমের ছেলে লিটন হোসেন।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে লিটনের নেপিয়ার ঘাসের প্রকল্প পরিদর্শনে গেলে তিনি প্রতিবেদককে জানান, এক সময় তার জমিতে থাকা আম গাছ কেটে ঝুঁকি নিয়েই নেপিয়ার ঘাস চাষ শুরু করেন। শুরুতে নানা প্রতিবন্ধকতা ও অনিশ্চয়তা থাকলেও কঠোর পরিশ্রম, ধৈর্য ও দৃঢ় মনোবলের কারণে অল্প সময়ের মধ্যেই তিনি সফলতার মুখ দেখেন।
বর্তমানে তার উৎপাদিত নেপিয়ার ঘাস স্থানীয় খামারি ও গবাদিপশু পালনকারীদের কাছে ব্যাপক চাহিদা সৃষ্টি করেছে। নিয়মিত ঘাস বিক্রি করে তিনি নিজের সংসারের খরচ চালানোর পাশাপাশি ভবিষ্যতের জন্য সঞ্চয়ও করতে পারছেন।
লিটন হোসেন বলেন, “নেপিয়ার ঘাস চাষে খরচ তুলনামূলক কম, কিন্তু লাভ বেশি। নিয়মিত পরিচর্যা করলে দ্রুত উৎপাদন পাওয়া যায়।” তিনি আরও জানান, শারীরিক প্রতিবন্ধকতা তার জীবনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি; বরং সাহস ও আত্মবিশ্বাসই তাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।
এলাকার সচেতন মহল মনে করছেন, লিটন হোসেনের এই উদ্যোগ অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তি ও বেকার যুবকদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। যথাযথ দিকনির্দেশনা, প্রশিক্ষণ ও সরকারি সহায়তা পেলে তার মতো আরও অনেকেই নেপিয়ার ঘাস চাষসহ বিভিন্ন কৃষি উদ্যোগে স্বাবলম্বী হতে পারবেন।