আত্রাই নদীর তীরে প্রসাদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই ট্রাক্টরচালককে অর্থদণ্ড, মূল হোতার বিরুদ্ধে মামলা করার নির্দেশ
======================================
মো: শামীম হোসেন মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নে আত্রাই নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে পরিচালিত এই অভিযানে ঘটনাস্থল থেকে অবৈধ কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়।
দুপুর আনুমানিক ১২টার দিকে প্রসাদপুর ইউনিয়নের আত্রাই নদীসংলগ্ন এলাকায় উপজেলা প্রশাসনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে নদীর পাড় কেটে বেআইনিভাবে মাটি ও বালু তুলে পরিবহন করে আসছে। প্রশাসনের উপস্থিতিতে এই অবৈধ কার্যক্রমের সত্যতা সরেজমিনে নিশ্চিত করা হয়।
অভিযানকালে মাটি বহনকারী কয়েকটি ট্রাক্টর পরীক্ষা করা হলে বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় দুই ট্রাক্টরচালককে আটক করা হয়। পরে মোটরযান আইনের সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত ওই দুই চালককে পৃথকভাবে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় অবৈধ মাটি ও বালু উত্তোলনের সাথে জড়িত মূল পরিকল্পনাকারী বা মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে মূল অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নদী রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। সরকারি সম্পদ নষ্ট করে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।