মহাদেবপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মহাদেবপুর উপজেলা প্রতিনিধি: আলমোতাসিম সাজু
নওগাঁর মহাদেবপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ২০২৬) মহাদেবপুর উপজেলার জাহাঙ্গীরনগর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে নওগাঁ জেলার সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার, মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সার্কেল অফিসার, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ, জেলা নির্বাচন অফিসারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ভোটগ্রহণ কাজে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা তাঁদের বক্তব্যে নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনানুগতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভোটকেন্দ্রে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সকলকে পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে ভোটগ্রহণ কর্মকর্তাদের দক্ষতা, সচেতনতা ও প্রস্তুতি আরও সুদৃঢ় হবে, যা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাজু..
৩০/০১/২৬