পত্নীতলায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
মো: বিদ্যুৎ হোসেন, নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি, ২০২৬
নওগাঁর পত্নীতলায় সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং দলীয় ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত কয়েকদিন ধরে এলাকায় সাধারণ ভোটারদের নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এছাড়া রাতের অন্ধকারে জামায়াতে ইসলামীর ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ করা হয়েছে। এই ধরণের উসকানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর শাখার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। তারা বলেন:
"গণতান্ত্রিক অধিকার রক্ষায় সাধারণ ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারেন, তা নিশ্চিত করতে হবে। যারা ব্যানার-ফেস্টুন ছিঁড়ে রাজনৈতিক পরিবেশ অশান্ত করতে চায়, তাদের এই অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।"
এসময় পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ সমর্থক মিছিলে অংশ নেন।