রাজশাহীর পুঠিয়ায় ড্রাম ট্রাক–নছিমন সংঘর্ষে নিহত ২।
পুঠিয়া উপজেলা প্রতিনিধি (রাজশাহী)
মুন্না ইসলাম
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ড্রাম ট্রাক ও মুরগি বোঝাই শ্যালো ইঞ্জিনচালিত নছিমনের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের প্রাণহানি ঘটেছে।
বুধবার (১০ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে পুঠিয়া–তাহেরপুর সড়কের নিমতলা বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তাহেরপুর থেকে পুঠিয়ার উদ্দেশ্যে একটি মুরগি বোঝাই নছিমন যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা পুঠিয়া থেকে তাহেরপুরগামী একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে নছিমনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় একজন যুবক ঘটনাস্থলেই নিহত হন। অপরজনকে গুরুতর আহত অবস্থায় পুঠিয়া ফায়ার সার্ভিস উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন—নছিমনে থাকা মুরগি ব্যবসায়ী নাইম (২০), পিতা মোঃ মিলন এবং হামিম (২৫), পিতা মোঃ মিনারুল। তারা উভয়েই রাজশাহী জেলার কাসাডাঙ্গা থানার হড়গ্রাম পূর্ব শেখপাড়া গ্রামের বাসিন্দা।
এ দুর্ঘটনায় নছিমনে বহনকৃত বিপুল সংখ্যক মুরগি মারা যায় এবং যানটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর ড্রাম ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাদের ধরে ফেলে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে। আটককৃতরা হলেন—ড্রাম ট্রাক চালক মোঃ মিন্টু (পিতা-মৃত সায়রাত আলী), সাং মুক্তারপুর (নওদাপাড়া) এবং হেলপার মোঃ স্বাধীন আলী (পিতা মনিরুল ইসলাম), সাং হলিদাগাছী, থানা চারঘাট, জেলা রাজশাহী।
ঘটনার পর পুঠিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করে।
পুঠিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ রাশিদুজ্জামান হিরো জানান, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে ড্রাম ট্রাকের চালককে আটক করা হয়েছে।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ড্রাম ট্রাক ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে একজন ঘটনাস্থলে ও অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।