
নওগাঁর নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত
জাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে মোটরসাইকেল–পিকআপের সংঘর্ষে শোয়াইব (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন। রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার সদরের ডাঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শোয়াইব নিয়ামতপুর সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি মান্দা উপজেলার ভাঁরশো ইউনিয়নের আলালপুর (ঠাকুর মান্দা) গ্রামে। বাবা মুকবুল হোসেন।
আহত দুই শিক্ষার্থী হলেন মান্দার ছুটিপুর গ্রামের হাসিবুর রহমান এবং ঘাগড়া গ্রামের রাকিব। আহতদের মধ্যে হাসিবুরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং রাকিবকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, তিন বন্ধু মোটরসাইকেলযোগে কলেজে যাচ্ছিলেন। পথে ডাঙ্গাপাড়ায় একটি দ্রুতগামী মিনি ট্রাকের (পিকআপ) সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের তালগাছে আঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শোয়াইবকে মৃত ঘোষণা করেন।
নিয়ামতপুর থানার উপপরিদর্শক ও ভারপ্রাপ্ত ওসি রেজাউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Reporter Name 










