
বাঘা-চারঘাটের উন্নয়ন ও সুশাসন প্রশ্নে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নাজমুল হক
আব্দুল হক বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাজমুল হকের সাথে উপজেলার কর্মরত সাংবাদিকদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির হযরত মাওলানা জিন্নাত আলী। তিনি তার বক্তব্যে বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের সাহসী ভূমিকা জাতিকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক সাইফুল ইসলাম, নায়েবে আমির, বাঘা উপজেলা জামায়াতে ইসলামী। সভাপতিত্ব করেন আব্দুল্লাহ আল মামুন নুহু, আমির, বাঘা উপজেলা জামায়াতে ইসলামী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবদার হোসেন, আমির, বাঘা পৌর জামায়াতে ইসলামী; আব্দুর রাজ্জাক, সভাপতি, রাজশাহী জেলা যুব বিভাগ; মোঃ সেকেন্দার আলী এবং ইঞ্জিনিয়ার রেজাউল করিম, সদস্য, উপজেলা শূরা, জামায়াতে ইসলামী।
মতবিনিময় সভায় প্রার্থী নাজমুল হক বলেন, “দুর্নীতিমুক্ত প্রশাসন, ন্যায়ভিত্তিক সমাজ ও জনকল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠাই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য। বাঘা-চারঘাট এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও তরুণ সমাজকে উৎপাদনমুখী করতে আমরা সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি।”
তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। জনগণের আশা-আকাঙ্ক্ষা ও বাস্তব চিত্র তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা সুষ্ঠু রাজনীতির জন্য অপরিহার্য।
সভায় সাংবাদিকরা এলাকার সমস্যা, উন্নয়নের প্রতিবন্ধকতা ও গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। এতে অতিথিরা গঠনমূলক ও স্পষ্ট মতামত প্রদান করেন।
সভা শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাংবাদিকদের সাথে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

Reporter Name 










