
নওগাঁ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নববর্ষের শুভেচ্ছা বিনিময়
জাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি
ইংরেজি নববর্ষ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের মধ্যে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে পুলিশ সুপার গিয়ে এ শুভেচ্ছা বিনিময় করেন।
নববর্ষের শুভ সূচনায় দুই শীর্ষ কর্মকর্তাই একে অপরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, উন্নয়ন কর্মকাণ্ডের গতি বজায় রাখা এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
শুভেচ্ছা বিনিময়কালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার জানান, নওগাঁ জেলার যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় তারা একসঙ্গে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ। তাদের বিশ্বাস, প্রশাসন ও পুলিশের সমন্বিত উদ্যোগ জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনস্বার্থে কার্যকর সেবা নিশ্চিত করতে আরও গতিশীল ভূমিকা রাখবে।
তারা নববর্ষে নওগাঁ জেলার সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সম্মিলিত প্রচেষ্টায় নওগাঁকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Reporter Name 










