
নওগাঁয় ১৬ বিজিবি’র উদ্যোগে ১০০ জন শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ
নওগাঁ বিশেষ প্রতিনিধি, মো: বিদ্যুৎ হোসেন
| ৫ জানুয়ারি, ২০২৬
নওগাঁয় অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকালে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর উদ্যোগে শহরের বিজিবি স্কুল মাঠে শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
আজ সোমবার (৫ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তানিম হাসান খান, এসপিপি, পিএসসি (আর্টিলারি)। তিনি নিজ হাতে অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে শীতের কম্বল তুলে দিয়ে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
তীব্র শীতে সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করে বিজিবির পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে এলাকার মোট ১০০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে মানসম্মত কম্বল বিতরণ করা হয়। এ সময় বিজিবির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।
ভীষণ ঠান্ডার মধ্যে কম্বল হাতে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় শীতার্তরা। উপকারভোগী এক বৃদ্ধ জানান, “বিজিবির দেওয়া এই কম্বল আমাদের মতো গরিব মানুষের অনেক উপকারে আসবে।” বিজিবির এমন জনকল্যাণমূলক কাজ এলাকায় প্রশংসিত হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের দুর্দশা লাঘবে তাদের এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Reporter Name 










