
হলুদ ফুলে ছেয়ে গেছে নওগাঁ, সরিষার রেকর্ড আবাদে কৃষকের মুখে হাসি|
মহাদেবপুর উপজেলা প্রতিনিধি: আলমোতাসিম সাজু.
নওগাঁর মহাদেবপুরসহ জেলার বিভিন্ন উপজেলায় চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। যেদিকে তাকানো যায়, সেদিকেই চোখে পড়ে সরিষার হলুদ ফুলের সমারোহ। বিস্তীর্ণ ফসলি মাঠজুড়ে হলুদের ঢেউ যেন প্রকৃতিকে দিয়েছে নতুন রূপ।
এখন সরিষার ফুলে ফুলে মুখরিত মাঠ, যেখানে লক্ষ লক্ষ মৌমাছি মধু আহরণে ব্যস্ত সময় পার করছে। অনুকূলে থাকা আবহাওয়া, পর্যাপ্ত রোদ ও সময়মতো বৃষ্টিপাত হওয়ায় চলতি মৌসুমে সরিষার ফলন সন্তোষজনক হবে বলে আশা প্রকাশ করেছেন কৃষক ও কৃষি বিভাগ সংশ্লিষ্টরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নওগাঁ জেলার ১১টি উপজেলায় সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২৫ হাজার হেক্টর জমিতে। তবে লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে এ বছর জেলায় মোট ২৯ হাজার ২৬৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে।
কৃষি বিভাগ জানায়, আধুনিক চাষ পদ্ধতি, উন্নত জাতের বীজ ব্যবহার এবং কৃষকদের আগ্রহ বৃদ্ধির ফলে সরিষা চাষের পরিমাণ বেড়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার প্রতি হেক্টরে ফলনও ভালো হবে বলে তারা আশা করছেন।
সরিষার ভালো ফলন হলে একদিকে কৃষকের আর্থিক সচ্ছলতা বাড়বে, অন্যদিকে ভোজ্যতেলের উৎপাদন বৃদ্ধি পেয়ে স্থানীয় চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Reporter Name 










