
বাঘায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত
আব্দুল হক বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হাবিবুরের মোড়ে দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকাল ৩টায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও রাজশাহী জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব হেলাল উদ্দিন রিয়াল, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শফি নেওয়াজ অমর ধান্দারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় স্থানীয় বিএনপি সমর্থক ও সাধারণ মানুষদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা এক আবেগঘন পরিবেশে পরিণত হয়।
দোয়া মাহফিলে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশ ও জাতির প্রতি তাঁর ত্যাগের কথা স্মরণ করেন। একই সঙ্গে তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ে আল্লাহর সাহায্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠান শেষে দেশনেত্রীর স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Reporter Name 










