
নওগাঁ-৩ আসনে বিএনপি প্রার্থী ফজলে হুদাকে শোকজ
মহাদেবপুর উপজেলা প্রতিনিধি:আলমোতাসিম সাজু
জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ আসনে বিএনপির প্রার্থী ফজলে হুদার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) নওগাঁ-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং নওগাঁর সিভিল জজ আদালতের (পোরশা) বিচারক মো. মমিনুল হক এই নোটিশ প্রদান করেন।
নোটিশে উল্লেখ করা হয়, বিএনপি প্রার্থী ফজলে হুদার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে বিভিন্ন সময়ে ভোট চেয়ে পোস্টার ও ভিডিও প্রচার করা হয়েছে। গত ১২ জানুয়ারি বিষয়টি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দৃষ্টিগোচর হয়। এসব কার্যক্রম জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৩ ও বিধি ১৮ লঙ্ঘনের শামিল বলে প্রতীয়মান হয়েছে।
কারণ দর্শানোর নোটিশে আরও বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের তিন সপ্তাহ আগে নির্বাচনি প্রচার শুরু করার কোনো সুযোগ নেই। সেই হিসেবে ফজলে হুদার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার কার্যক্রম আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নওগাঁর সিভিল জজ আদালতের বিচারক মো. মমিনুল হকের কার্যালয়ে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে নওগাঁ-৩ আসনের বিএনপির প্রার্থী ফজলে হুদা বলেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ সাধারণত নিজের ফেসবুক পেজ সরাসরি নিয়ন্ত্রণ করেন না। কোন ভিডিও কে বা কারা শেয়ার করেছে, সে বিষয়ে তার জানা নেই। ভিডিওগুলো অনেক আগের এবং এ ধরনের ভিডিও প্রায় সব প্রার্থীর ক্ষেত্রেই রয়েছে। তিনি নিজে নির্বাচনি কোনো প্রচারণায় জড়িত নন বলে দাবি করেন এবং শোকজের জবাব যথাসময়ে আদালতে হাজির হয়ে দেবেন বলে জানান।

Reporter Name 










