
ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযান: ১৪ হাজার ৬০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার
নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধি মো: বিদ্যুৎ হোসেন
নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৪ হাজার ৬০০ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার ভোরে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ চকিলাম বিওপি’র একটি টহল দল এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চকিলাম বিওপি’র নায়েব সুবেদার পর্যায়ের নেতৃত্বে বিজিবির একটি চৌকস দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। মাদককারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ব্যাগভর্তি ১৪ হাজার ৬০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।
“মাদক ও চোরাচালান রোধে বিজিবি সবসময়ই জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং মাদক প্রবেশ ঠেকাতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উদ্ধারকৃত টাপেন্টাডল ট্যাবলেটগুলো বর্তমানে ব্যাটালিয়ন হেফাজতে রয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী পরবর্তীতে এগুলো ধ্বংস করা হবে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

Reporter Name 










