
মহাদেবপুরে নাদিম টেলিকমে চাঞ্চল্যকর চুরি: কম্পিউটার-মোবাইলসহ চোরাই মাল উদ্ধার, কিশোর চোর গ্রেফতার
মহাদেবপুর উপজেলা প্রতিনিধি: আলমোতাসিম সাজু
নওগাঁর মহাদেবপুর উপজেলায় নাদিম টেলিকম এন্ড ভ্যারাইটিজ স্টোরে সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনায় কম্পিউটার, মোবাইল ফোনসহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কুখ্যাত এক কিশোর চোরকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, গত ১৫ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টার দিকে খাঁপুর পীরগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. সাফিউল করিম প্রতিদিনের ন্যায় তার ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে বাড়িতে চলে যান। পরদিন ১৬ জানুয়ারি সকাল ৭টার দিকে পার্শ্ববর্তী ব্যবসায়ীদের ফোনের মাধ্যমে তিনি জানতে পারেন, তার দোকানের তালা ভেঙে ভেতরের মালামাল চুরি করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী ১৬-০১-২০২৬ তারিখে মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি মামলা রুজু করা হয় (মামলা নং-১৪, তারিখ: ১৬/০১/২০২৬)। একইসঙ্গে মামলার বাদী চুরির বিষয়ে প্রাথমিক তথ্য পুলিশ সুপার মহোদয়ের নিকট মোবাইল ফোনে অবহিত করেন।
মামলা দায়েরের পরপরই পুলিশ সুপারের নির্দেশে মহাদেবপুর থানা পুলিশের একটি চৌকস টিম তদন্তে নামে। তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, স্থানীয় জনগণের জিজ্ঞাসাবাদ, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় নিবিড় তদন্ত চালানো হয়।
তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে শীতকালীন টুপি ও পোশাক পরিহিত এক সন্দেহভাজন চোরের ছবি সংগ্রহ করা সম্ভব হয়। পরবর্তীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) প্রযুক্তির সহায়তায় চোরের পরিহিত পোশাক ও টুপির সূত্র ধরে এনায়েতপুরের কালুশহর এলাকার বাসিন্দা রাব্বি হোসেন (১৩)-এর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান পরিচালনা করে চোরাই মালামালসহ রাব্বি হোসেনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে চুরির ঘটনায় নিজের সম্পৃক্ততা স্বীকার করে এবং পার্শ্ববর্তী এলাকার এক যুবকের জড়িত থাকার কথাও জানায়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত কিশোরটি স্থানীয়ভাবে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ও অত্যন্ত চতুর প্রকৃতির।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Reporter Name 










