
গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে উদ্ধার করে তার দেশে পাঠাল বিজিবি
এমরান আলী বাবু, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় নাগরিক শ্রী রনজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে পাঠিয়েছে বিজিবি। বৃহস্পতিবার বিকেলে সীমান্ত মেইন পিলার ২২৪-এর নিকট শূন্যরেখায় কোম্পানি কমান্ডার পর্যায়ে এই বৈঠক শেষের পর তাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। তিনি মালদা জেলার হবিবপুুর থানার ভবানিপুর গ্রামের তাপশ মন্ডলের ছেলে। এতথ্য নিশ্চিত করেছেন ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।
বিজিবি সূত্রে জানা গেছে, গত বুধবার ভোরে ভারতের অভ্যন্তরে বারাকা বিলে মাছ ধরতে ধরতে রনজিৎ দুই বাংলাদেশি নাগরিকের সঙ্গে এসে নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন ধানসুরা বাজারে আত্মগোপনে থাকে। বিষয়টি বিএসএফ-এর পক্ষ থেকে বিজিবিকে জানানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ওই ভারতীয় নাগরিককে নওগাঁর নিয়ামতপুরের
ধানসুরা বাজার এলাকায় উদ্ধার করে সীমান্ত মেইন পিলার ২২৪-এর নিকট এক পতাকা বৈঠকের আহ্বান করা হয়। এতে বিজিবির পক্ষে রোকনপুর কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুস সালাম মন্ডল এবং ভারতের পক্ষে ৮৮/আরকেওয়াদা বিএসএফ কোম্পানি কমান্ডার এসি শ্রী অমিত কুমার গৌতম নেতৃত্ব দেন। পরে শ্রী রনজিৎ মন্ডলকে ভারতীয় বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, পতাকা বৈঠকের পরে ভুলবসত চলে আসা ভারতীয় নাগরিককে বিএসফের কাছে হস্তান্তর করা হয়।

Reporter Name 










