
নওগাঁয় তারেক রহমানের জনসভা ঘিরে প্রস্তুতির তুঙ্গে: সম্ভাব্য সমাবেশস্থল পরিদর্শন করলেন কেন্দ্রীয় নেতারা
নওগাঁ বিশেষ প্রতিনিধি মোঃ বিদ্যুৎ হোসেন
২৫ জানুয়ারি, ২০২৬
আগামী ২৮শে জানুয়ারি নওগাঁয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন ও জনসভাকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এই বিশাল রাজনৈতিক কর্মসূচি সফল করতে জোর প্রস্তুতি শুরু করেছেন দলটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আজ রোববার (২৫ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধি দল নওগাঁ শহরের সম্ভাব্য জনসভাস্থলগুলো পরিদর্শন করেন। প্রতিনিধি দলটি প্রথমে বিজিবি ক্যাম্পের পেছনের ফতেপুর সড়ক সংলগ্ন মাঠটি পরিদর্শন করেন। এরপর তারা শহরের এটিএম মাঠ (নওগাঁ সরকারি কলেজ সংলগ্ন) পরিদর্শন করেন এবং জনসভার দ্বিতীয় সম্ভাব্য স্থান হিসেবে মাঠটির উপযোগিতা যাচাই করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জাহিদুল ইসলাম ধলু। এছাড়াও জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে নেতারা মাঠের নিরাপত্তা, যাতায়াত ব্যবস্থা এবং জনসমাগম সামলানোর বিষয়ে স্থানীয় প্রশাসনের সাথেও প্রাথমিক আলোচনা করেন।
দীর্ঘদিন পর তারেক রহমানের সশরীরে নওগাঁয় জনসভা করার খবরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে। স্থানীয় নেতারা জানান, ২৮ তারিখের এই জনসভা হবে নওগাঁর ইতিহাসে অন্যতম বৃহত্তম গণজমায়েত। জাহিদুল ইসলাম ধলু বলেন, “দেশনায়ক তারেক রহমানের আগমনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত আবেগ কাজ করছে। আমরা একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল জনসভা উপহার দিতে বদ্ধপরিকর।” ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারেক রহমান বর্তমানে দেশের বিভিন্ন জেলা সফর করছেন। এরই ধারাবাহিকতায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ জেলা নওগাঁয় তার এই আগমন ও সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

Reporter Name 










