
অসহায় বুলুর হাতে ক্ষুদ্র ব্যবসা তুলে দিল টিম জেড,
এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : নওগাঁর পাশ্ববর্তী সান্তাহার রেলস্টেশনের পাশে বৃহস্পতিবার বিকেলে মানবিক উদ্যোগের অংশ হিসেবে এক ভিক্ষুকের হাতে ক্ষুদ্র ব্যবসা তুলে দিয়েছে সামাজিক সংগঠন টিম জেড।
সহায়তা পাওয়া ওই ব্যক্তির নাম বুলু আহম্মেদ। তিনি পূর্বে একটি চালের কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। কর্মস্থলে হঠাৎ এক দুর্ঘটনার শিকার হয়ে তিনি শারীরিকভাবে আংশিক অক্ষম হয়ে পড়েন। ফলে স্বাভাবিক চলাফেরা ও আগের মতো কাজ করা তার পক্ষে সম্ভব হয়নি। সংসারের দায়ভার বহন করতে গিয়ে উপার্জনের কোনো পথ খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত তিনি ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়েন।
একদিন ভিক্ষা করার সময় টিম জেডের নেতৃত্বস্থানীয়দের সঙ্গে তার সাক্ষাৎ হয়। সে সময় তিনি নিজের জীবনের করুণ বাস্তবতা তুলে ধরেন এবং জানান যদি তাকে একটি ছোট ব্যবসার সুযোগ করে দেওয়া হয়, তবে তিনি আর ভিক্ষা করবেন না। বুলুর এই আগ্রহ ও আত্মমর্যাদার আকাঙ্ক্ষায় উদ্বুদ্ধ হয়ে টিম জেড নওগাঁ তাকে স্বাবলম্বী করার আশ্বাস দেয়।
এরই ধারাবাহিকতায় সান্তাহার রেলস্টেশনের পাশে আনুষ্ঠানিকভাবে বুলুর হাতে একটি ক্ষুদ্র ব্যবসা তুলে দেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে তাকে আত্মনির্ভরশীল করে তোলাই টিম জেডের মূল লক্ষ্য বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন টিম জেডের উপদেষ্টা তৌরিকুল ইসলাম তপু, জাহানে মোতায়েন যুক্ত, সাইফুল ইসলাম সাফি, সোহাগ হাসান, টিম জেড লিডার আব্দুল্লাহ আল নাফিসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
টিম জেডের নেতারা জানান, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করে।#
এ.বি.এস রতন
নওগাঁ
২৩.০১.২৬

Reporter Name 










