
নিয়ামতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়ল বসতবাড়িতে, অল্পের জন্য রক্ষা
নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধি মোঃ বিদ্যুৎ হোসেন
২৫ জানুয়ারি, ২০২৬
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের একটি বসতবাড়িতে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। এতে বড় ধরনের প্রাণহানি না ঘটলেও বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার সকাল ১০টার দিকে উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮টা ৫০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ থেকে নওগাঁর উদ্দেশে ছেড়ে আসে ‘চাপাই মেইল’ নামের একটি যাত্রীবাহী বাস। বাসটি নিয়ামতপুরের ডাঙ্গাপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এসময় দ্রুতগতির বাসটি রাস্তা ছেড়ে সরাসরি পাশের একটি ইটের বাড়ির ভেতরে ঢুকে পড়ে।
দুর্ঘটনার সময় বাসটিতে বেশ কয়েকজন যাত্রী ছিলেন। তবে সৌভাগ্যবশত যাত্রী বা বাড়ির বাসিন্দাদের মধ্যে কেউ গুরুতর আহত বা নিহত হননি। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের ধাক্কায় বাড়িটির দেয়াল ও সামনের অংশ ধসে পড়েছে। ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যান্ত্রিক ত্রুটি নাকি চালকের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

Reporter Name 










