
নওগাঁয় টয়লেটের ট্যাংকির ভেতর থেকে উদ্ধার হওয়া যুবতীর পরিচয় মিলেছে,
জাহিদ হাসান নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁ সদর মডেল থানাধীন এলাকায় গত মঙ্গলবার (দুপুরে) একটি টয়লেটের সেপটিক ট্যাংকির ভেতর থেকে এক অজ্ঞাতনামা যুবতীর মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।
নওগাঁ সদর মডেল থানা পুলিশ মরদেহের পরিচয় শনাক্ত করতে ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়। প্রাথমিকভাবে পাওয়া আইডি কার্ডের তথ্য অনুযায়ী মৃত যুবতীর নাম মিস মিতু বানু। তার পিতার নাম সিরাজুল ইসলাম, মাতার নাম বেদেনা বেগম। আইডি কার্ড অনুযায়ী তার ঠিকানা হাট নওগাঁ, নওগাঁ সদর, নওগাঁ এবং জন্ম তারিখ ২৩ সেপ্টেম্বর ২০০১ ইং।
তবে আইডি কার্ডে উল্লেখিত ঠিকানায় গিয়ে পুলিশ মৃত যুবতীর কোনো স্বজন বা পরিবারের সন্ধান পায়নি। স্থানীয়দের সঙ্গেও কথা বলে তার পরিবারের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে থানা সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
নওগাঁ সদর মডেল থানা পুলিশ সকলের সহযোগিতা কামনা করে জানিয়েছে—যদি কেউ মিস মিতু বানুকে চিনে থাকেন অথবা তার পরিবার-পরিজনের কোনো খোঁজ জানেন, তাহলে অনতিবিলম্বে নওগাঁ সদর মডেল থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
ঘটনাটি নিয়ে এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে। পুলিশ আশাবাদী, দ্রুত তার পরিবারের সন্ধান পাওয়া যাবে এবং ঘটনার রহস্য উদঘাটন সম্ভব হবে।

Reporter Name 










