
তানোরের পাঁচন্দর ইউপি বিএনপির কর্মীসভা ও সেন্টার কমিটি গঠন
সিরাজুল ইসলাম রনি, তানোর রাজশাহী
২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের মতো রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনেও বিএনপির নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হয়েছে। দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ইতোমধ্যে মাঠে নামছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) তিনি পুরো দিনজুড়ে তানোরের পাঁচন্দর ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডে পৃথক পৃথক কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নির্বাচনী কেন্দ্রভিত্তিক কমিটি গঠনের কার্যক্রম তদারকি করেন। প্রতিটি ওয়ার্ডে সংশ্লিষ্ট বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজিত এসব কর্মীসভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদকরা।
কর্মীসভা ও সেন্টার কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন বলেন, “আগামী নির্বাচনে সংগঠনের শক্তি ও ঐক্যই হবে সবচেয়ে বড় হাতিয়ার। জনগণের আস্থা অর্জনে তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, সিনিয়র যুগ্ম-আহবায়ক অধ্যাপক (অব.) নুরুল ইসলাম, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, সরনজাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইমারত আলী, পাঁচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, মুন্ডুমালা পৌর বিএনপির নেতা ফিরোজ কবির ও তৌহিদুর ইসলাম রেজা, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক অরণ্য কুসুম, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোর্তুজা, সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সী, লুৎফর রহমান, সহকারী অধ্যাপক মফিজ উদ্দিন, জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোতালেব হোসেন ও মামুনসহ তানোর উপজেলা, মুন্ডুমালা পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
এছাড়া একইদিন পাঁচন্দর ইউপির ৮ নম্বর ওয়ার্ড বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন করেন প্রধান অতিথি মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। অন্যদিকে মোহাম্মদপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত তাফসীর মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মুজিবুর রহমান।
পুরো এলাকায় বিএনপির এসব কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং নেতাকর্মীদের উপস্থিতিতে পাঁচন্দর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গন হয়ে ওঠে প্রাণবন্ত।

Reporter Name 










