
নওগাঁয় ট্রাকের চাপায় নিহত ১, আহত ৩; আহতদের অবস্থা আশঙ্কাজনক
জাহিদ হাসান,নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় ট্রাক চাপায় মোতালেব (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের কাঠালতলী মোড়ের গেঞ্জির মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোতালেব রানীনগর উপজেলার খট্টেশর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, রানীনগর থেকে রাবেয়া এন্টারপ্রাইজের একটি ট্রাক নওগাঁর দিকে যাচ্ছিল। পথে কাঠালতলী মোড়ের গেঞ্জির মিল এলাকায় একটি মোটরসাইকেলকে সাইড দিতে গেলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রাকের নিচে যাত্রীসহ একটি ব্যাটারি চালিত অটোরিকশা চাপা পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোতালেবকে মৃত ঘোষণা করেন। আহত তিনজন বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নওগাঁ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় একজন নিহত হয়েছে এবং আহতরা চিকিৎসাধীন রয়েছে। ট্রাকের চালক পলাতক রয়েছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।

Reporter Name 










