
নওগাঁয় বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
জাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি
হাজার বছরের গর্বিত বাঙালি জাতির বীরত্বের অবিস্মরণীয় দিন মহান বিজয় দিবস। বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় সারাদেশের মতো নওগাঁয়ও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হচ্ছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের মুক্তির মোড়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। সূর্যোদয়ের সঙ্গে তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। পরে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা একে একে শ্রদ্ধা নিবেদন করেন।
দিনভর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ফুলে ফুলে ভরে উঠবে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ। এর মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ।
এছাড়াও বিজয় দিবস উপলক্ষে নওগাঁ জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী, শহরের এটিম মাঠে বিজয় মেলা, সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

Reporter Name 










