
নওগাঁয় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে মেলা অনুষ্ঠিত
জাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নওগাঁ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), নওগাঁ প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।
“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মেলায় প্রবাসে নিরাপদ কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, বৈধ অভিবাসন এবং প্রবাসীদের অধিকার বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।
মেলায় কারিগরি প্রশিক্ষণ, বিদেশে কর্মসংস্থানের সুযোগ, প্রবাসে যাওয়ার পূর্ব প্রস্তুতি, রিক্রুটিং এজেন্সি সংক্রান্ত তথ্যসহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনশক্তি তৈরিতে টিটিসির ভূমিকা তুলে ধরা হয় বিভিন্ন স্টল ও প্রদর্শনীর মাধ্যমে।
আয়োজকরা জানান, অবৈধ পথে বিদেশগমন রোধ এবং নিরাপদ ও সম্মানজনক অভিবাসন নিশ্চিত করতেই এই ধরনের মেলার আয়োজন। এতে আগ্রহী যুবক-যুবতীরা বিদেশে কাজের সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণ সম্পর্কে বাস্তব ধারণা পাচ্ছেন।
মেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রশিক্ষণার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেলাটি আয়োজন করে নওগাঁ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), নওগাঁ।

Reporter Name 










