
রাজশাহী-৬ আসনে বিএনপির মনোনয়ন ফরম উত্তোলন, গণসংযোগে মুখর আবু সাইদ চাঁদের সমর্থকরা
আব্দুল হক, বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত এমপি পদপ্রার্থী ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় চারঘাট উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
মনোনয়ন ফরম উত্তোলনকে কেন্দ্র করে চারঘাটে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী আবু সাইদ চাঁদ, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন (লিটন), বাউসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মনোনয়ন ফরম উত্তোলন শেষে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আবু সাইদ চাঁদ বলেন, “রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনের জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও গণতন্ত্র থেকে বঞ্চিত। জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের লক্ষ্যেই আমি এই নির্বাচনে অংশ নিচ্ছি। সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।”
তিনি আরও বলেন, “জনগণের রায়ে নির্বাচিত হতে পারলে এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বেকার যুবসমাজের ভবিষ্যৎ গড়তে কার্যকর ও বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করা হবে। রাজনীতি হবে জনগণের জন্য, ক্ষমতার জন্য নয়—এই অঙ্গীকার নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।”
এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রাজশাহী-৬ আসনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন-সংগ্রাম জোরদার করার ঘোষণা দেন।

Reporter Name 










