
রাজশাহী-৬ আসনে আরিফুল ইসলাম বিলাতের মনোনয়নপত্র উত্তোলন
আব্দুল হক বাঘা প্রতিনিধি রাজশাহী,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেছেন মালয়েশিয়া যুবদল মালাক্কা শাখার সাধারণ সম্পাদক ও কুয়ালালামপুর মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম বিলাত।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে বাঘা উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তারের কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে বিএনপি নেতা আরিফুল ইসলাম বিলাত বলেন, “দলের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। দলের শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে সামনে এগোতে হবে। দলের বাইরে কেউ যেন কোনো বিভ্রান্তিকর বক্তব্য না দেয়। আমরা জাতীয় নির্বাচনে রাজনৈতিকভাবে সুসংগঠিতভাবে অংশগ্রহণ করে ধানের শীষের পক্ষে বিপুল ভোটে বিজয় নিশ্চিত করতে চাই।” দলীয়ভাবে চূড়ান্ত মনোনয়ন পেলে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজশাহী জেলা বিএনপির সদস্য অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, বাঘা উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, বাঘা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম (স্বপন), বাহরাইন কেন্দ্রীয় যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এবং বাঘা উপজেলা কৃষক দলের সদস্য সচিব, বাঘা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রনেতা চারঘাট পৌর ছাত্রদলের মো. মামুন হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র উত্তোলনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Reporter Name 










