
শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা
আব্দুল আওয়াল , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রাজশাহী মহানগরীর আমীর এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মাওলানা কেরামত আলী। সভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাদিকুল ইসলাম।
সভায় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, সুশাসন, সংবাদমাধ্যমের দায়িত্ব ও ভূমিকা এবং আগামীর রাজনৈতিক কর্মসূচি নিয়ে খোলামেলা আলোচনা করা হয়। বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসময় বক্তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রচার-প্রচারণা, আচরণবিধি, ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণাসহ সার্বিক বিষয়ে সঠিক তথ্য সংগ্রহ ও প্রচারে সাংবাদিকদের সর্বোচ্চ ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় শিবগঞ্জ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Reporter Name 










