
নওগাঁ–৫: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন
জাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি
নওগাঁ–৫ (সদর) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী মনিরা শারমিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
রোববার ২৮ ডিসেম্বর সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া দীর্ঘ এক পোস্টে তিনি এই সিদ্ধান্ত জানান।
পোস্টে মনিরা শারমিন লিখেছেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশায় গড়ে ওঠা এনসিপি গণ–অভ্যুত্থান পরবর্তী সময়ে মধ্যপন্থি রাজনীতির গুরুত্বপূর্ণ একটি শক্তি ছিল। তিনি জানান, মনোনয়ন পাওয়ার সময় তিনি জানতেন না যে দলটি জামায়াতের সঙ্গে ৩০ আসনে সমঝোতায় যাবে। তাঁর ধারণা ছিল, এনসিপি ৩০০ আসনেই এককভাবে প্রার্থী দেবে। দলের অবস্থান বদলে যাওয়ায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তার ভাষায়, দলের প্রতি তাঁর কমিটমেন্ট অটুট থাকলেও এই মুহূর্তে দেশের মানুষ ও গণ–অভ্যুত্থানের প্রতি দায়বদ্ধতাকেই তিনি বড় মনে করছেন।
তিনি আরও জানান, দল থেকে পদত্যাগ করার কোনো সিদ্ধান্ত তিনি নেননি। তাঁর মতে, এনসিপি কারও ব্যক্তিগত সম্পত্তি নয় এবং দলের শীর্ষ নেতৃত্বের মতো তিনিও এই দলের অংশ। তিনি বলেন, নিজের নৈতিকতার সঙ্গে আপস করে রাজনীতি করতে চান না এবং ক্ষমতার বিনিময়ে আদর্শ ছাড়তে রাজি নন।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর নওগাঁ–৫ (সদর) আসনে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে মনিরা শারমিনকে মনোনয়ন দেওয়া হয়।

Reporter Name 










