
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পুঠিয়ায় শোকের ছায়া, বিভিন্ন রাজনৈতিক দলের শোক প্রকাশ।
পুঠিয়া প্রতিনিধি:(রাজশাহী)
মুন্না ইসলাম
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহীর পুঠিয়া উপজেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
খালেদা জিয়ার মৃত্যুর খবরে পুঠিয়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পুঠিয়া উপজেলা শাখার নেতারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সংসদীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও পুঠিয়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পৃথক বিবৃতিতে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে ভূমিকা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন।
এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক।
খালেদা জিয়ার প্রয়াণে দেশের রাজনীতিতে এক দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Reporter Name 










