
নওগাঁর বালুডাঙ্গা বাস টার্মিনালে যানজট নিরসনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের হস্তক্ষেপ
জাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি
নওগাঁ জেলার সবচেয়ে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় দীর্ঘদিন ধরে চলমান যানজট ও বিশৃঙ্খলা নিরসনে মাঠে নামলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। বুধবার সন্ধ্যায় তিনি নিজে টার্মিনাল এলাকায় উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে বেশ কিছু তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার বিআরটিসি কর্তৃপক্ষ, বেসরকারি বাসস্ট্যান্ড ম্যানেজার, যাত্রী সাধারণ, সিএনজি চালক এবং মোটরশ্রমিকদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের সমস্যার কথা শোনেন, পাশাপাশি টার্মিনালের শৃঙ্খলা রক্ষায় সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, বালুডাঙ্গা টার্মিনাল জেলার প্রবেশদ্বারের অন্যতম কেন্দ্রবিন্দু। এখানে শৃঙ্খলা না থাকলে পুরো শহরের যান চলাচল ব্যাহত হয়। তাই যানজট কমাতে সকল স্ট্যান্ডের ম্যানেজমেন্ট ও শ্রমিকদের সমন্বিত ভূমিকা প্রয়োজন।
এরপর তিনি মোটরশ্রমিকদের সাথে সরাসরি কথা বলে সড়কের দুই পাশে এলোমেলোভাবে পার্কিং বন্ধের নির্দেশ দেন। বিশেষ করে সিএনজি চালকদের নির্দিষ্ট লাইন ধরে এক পাশে গাড়ি রাখার নির্দেশনা দেন, যাতে সড়কের মূল অংশ সচল থাকে এবং পথচারীদের চলাচল সহজ হয়।
এ সময় চলমান অভিযান ও অবৈধভাবে পার্ক করা যানবাহন অপসারণ দেখে উপস্থিত যাত্রী ও স্থানীয় জনসাধারণ সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, দীর্ঘদিন ধরে টার্মিনাল এলাকায় অবৈধ যানবাহন দাঁড়িয়ে থাকার কারণে ভয়াবহ যানজট তৈরি হতো। পুলিশ সুপারের পদক্ষেপে এখন সড়ক অনেকটাই স্বস্তিদায়ক হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, বালুডাঙ্গায় দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করতে ট্রাফিক বিভাগকে আরও কার্যকরভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি শ্রমিক, চালক, ম্যানেজার এবং যাত্রীদের সহযোগিতা কামনা করে বলেন, আইন মেনে চললে এবং সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলে টার্মিনাল এলাকা আবারও সুশৃঙ্খল হয়ে উঠবে।
শেষে তিনি নওগাঁর সর্বত্র নিরাপদ, স্বচ্ছ ও আধুনিক ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে জেলা পুলিশের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

Reporter Name 










