
নজিপুরে ব্যবসায়ীদের সঙ্গে এসপি’র মতবিনিময়: শান্তিপূর্ন নির্বাচন ও জননিরাপত্তায় জিরো টলারেন্স ঘোষণা
নওগাঁ বিশেষ প্রতিনিধি, মোঃ বিদ্যুৎ হোসেন
৫ জানুয়ারি ২০২৬
নওগাঁ জেলার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র নজিপুর বাজারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে নজিপুর পৌরসভা মার্কেট এলাকায় এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি নজিপুর পৌরসভা বণিক মালিক সমিতির সদস্যবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ জনগণের সাথে সরাসরি কথা বলেন ও নিরাপত্তার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
সন্ত্রাস ও মাদক মুক্ত নজিপুর গড়ার অঙ্গীকার
বক্তব্যকালে পুলিশ সুপার বলেন, “নজিপুর বাজারের ব্যবসায়িক গুরুত্ব বিবেচনায় এখানে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হবে। যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি এবং মাদক প্রতিরোধে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে।” তিনি নির্ভয়ে অপরাধীদের তথ্য পুলিশকে দেওয়ার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
জনদুর্ভোগ নিরসনে সম্মিলিত উদ্যোগ,
এসপি মহোদয় বলেন, সাধারণ মানুষের জনদুর্ভোগ নিরসনে পুলিশ ও ব্যবসায়ীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। ফুটপাত দখলমুক্ত রাখা এবং শৃঙ্খলার সাথে ব্যবসা পরিচালনার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে পুলিশ সুপার জনগণকে আশ্বস্ত করে বলেন:
“একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে নওগাঁ জেলা পুলিশ সর্বাত্মক তৎপর রয়েছে। কোনো অপশক্তিকে শান্তি নষ্ট করতে দেওয়া হবে না।”
তিনি যেকোনো প্রয়োজনে সরাসরি থানার অফিসার ইনচার্জ (ওসি) কিংবা সরাসরি পুলিশ সুপারকে ফোন করার জন্য উপস্থিত সকলকে অনুরোধ জানান।
নজিপুর পৌরসভা বণিক মালিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন:
নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপারগণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পত্নীতলা।
অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল)।
অফিসার ইনচার্জ (ওসি), পত্নীতলা থানা।
মতবিনিময় সভায় স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দসহ দুই শতাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং এলাকার শান্তি রক্ষায় পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

Reporter Name 










