
পাহাড় কাটার অভিযোগে অভিযান, ট্রাক্টর ও এক্সাভেটর রেখে পালালো ভূমিদস্যুরা
আব্দুল আওয়াল : চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জে পাহাড় ও ফসলি জমি কেটে পরিবেশ ধ্বংসের অভিযোগে অভিযান চালিয়ে একটি মাটিভর্তি ট্রাক্টর ও একটি এক্সাভেটর মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (০৫ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেন ডাইং এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ। প্রশাসন সূত্রে জানা যায়, নয়াগোলা এলাকার স্থানীয় ভূমিদস্যু ফারুক হোসেন গত প্রায় ২০ দিন ধরে বাবু ডাইং এলাকায় অবস্থিত প্রাকৃতিক টিলা ও পাহাড় কেটে মাটি সরিয়ে নিচ্ছিলেন। একই সঙ্গে হোসেন ডাইং এলাকার ফসলি জমির উর্বর উপরিভাগ বা টপ সয়েল কেটে নেওয়া হচ্ছিল।
এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সংশ্লিষ্টরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মাটিভর্তি ট্রাক্টর ও একটি এক্সাভেটর মেশিন জব্দ করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ মুঠোফোনে জানান, অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের সময় জড়িতরা পালিয়ে গেলেও ব্যবহৃত ট্রাক্টর ও এক্সাভেটর মেশিন জব্দ করে ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।

Reporter Name 










