
গোমস্তাপুরে মাছ ধরার সময় দুই ভারতীয় নাগরিককে আটক করে স্থানীয়রা
এমরান আলী বাবু, গোমস্তাপুর, (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভারতীয় নাগরিককে আটক করে স্থানীয়রা। পরে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়েছে। বুধবার (০৭ জানুয়ারি) বিকেলে উপজেলার বেগপুর গ্রাম ও সংলগ্ন পূর্ণভবা নদীতে এই ঘটনা ঘটে। ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মেজর তানিম হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে চাড়ালডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৯ এমপি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ণভবা নদীতে মাছ ধরছিলেন গোমস্তাপুর উপজেলার বেগপুর গ্রামের মো. আব্দুল মমিন (৩০) ও মো. সুমন খান। একই সময়ে ভারতের মালদা জেলার হবিপুর থানার টিলাশন গ্রামের শ্রী বাচ্ছু মহলদার (৩৫) ও শ্রী রাজু মহলদার সেখানে মাছ ধরতে আসলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও বিরোধের সৃষ্টি হয়।
একপর্যায়ে বাংলাদেশি নাগরিকরা ওই দুই ভারতীয়কে আটক করে বেগপুর গ্রামে নিয়ে আসেন। বিষয়টি ভারতের ১২/টিলাশন বিএসএফ ক্যাম্পের পক্ষ থেকে বাংলাদেশের চাড়ালডাঙ্গা বিওপি কমান্ডারকে অবহিত করা হয়। এই সংবাদ পাওয়ার পর ১৬ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক ভারতীয় নাগরিকদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। পরে বিকেল ৫টায় বিজিবি ও বিএসএফের মধ্যে একটি সংক্ষিপ্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আইনি প্রক্রিয়া শেষে আটক ভারতীয় নাগরিকদের বিএসএফ প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

Reporter Name 










