
নওগাঁয় নারী শিক্ষার্থীদের মাঝে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল
নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধি মোঃ বিদ্যুৎ হাসান
‘নারীদের নেতৃত্বে নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় একটি মহিলা মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারী নেত্রীবৃন্দ। আজ শহরের একটি মহিলা মাদ্রাসায় এই মানবিক সহায়তা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁ জেলা শাখার নারী প্রতিনিধিদের আয়োজনে এই কর্মসূচিতে মাদ্রাসার অসহায় ও সুবিধাবঞ্চিত নারী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল ও প্রয়োজনীয় বস্ত্র) তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণ ছাড়াও অনুষ্ঠানটিতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ ওসমান বিন হাদি-সহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আয়োজক নারী নেত্রীরা জানান, তীব্র শীতে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের কষ্ট লাঘব করতেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস। নারী নেতৃত্বের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত নারীদের পাশে দাঁড়ানোর এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁ জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নারী প্রতিনিধি এবং মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Reporter Name 










