
নওগাঁয় উদ্ধারকৃত ৪৬টি হারানো মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর
নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধি মো: বিদ্যুৎ হোসেন
১২ জানুয়ারি ২০২৬
নওগাঁ জেলা পুলিশের তৎপরতায় বিভিন্ন সময় উদ্ধার হওয়া ৪৬টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল হস্তান্তর করেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।
অনুষ্ঠানে জানানো হয়, জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে ডিবি ও থানা পুলিশের বিশেষ টিম আধুনিক প্রযুক্তির সহায়তায় এই হারানো ফোনগুলো উদ্ধার করে। যাচাই-বাছাই শেষে সোমবার আনুষ্ঠানিকভাবে সেগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
মোবাইল হস্তান্তরকালে পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলা পুলিশ জনগণের জান-মাল রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
হারানো শখের মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগী মালিকগণ উচ্ছ্বাস প্রকাশ করেন এবং নওগাঁ জেলা পুলিশের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Reporter Name 










