
নওগাঁর মান্দায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু
মো: শামীম হোসেন মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলার ১৩ নম্বর কশব ইউনিয়নে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে এসে ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত (১২ জানুয়ারি ২০২৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে একদল চোর বিদ্যুতের ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে ওই এলাকায় প্রবেশ করে। তারা দুটি ট্রান্সফরমার নামানোর কাজ শুরু করে। এ সময় হঠাৎ দুর্ঘটনার শিকার হয়ে একজন চোর ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর চক্রের বাকি সদস্যরা চুরির কাজে ব্যবহৃত সব সরঞ্জাম ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেয়ে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহোদয় ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি পরিস্থিতি পরিদর্শন করেন এবং পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং পলাতক চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Reporter Name 










